প্রতিষ্ঠাবার্ষিকীতেই বেরোবিতে শিক্ষার্থীদের আন্দোলন

১২ অক্টোবর ২০২০, ১২:৪৮ PM

© টিডিসি ফটো

সেশনজটে রেকর্ড গড়ে তুলে সাত বছরেও অনার্স কোর্স শেষ করতে না পারায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিবসে প্রশাসনিক ভবন অবরোধ করে আন্দোলন করছেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। অনার্স ও মাস্টার্স শেষ করতে সময় লাগছে প্রায় ৯ বছর। ৫ বছরের কোর্স ৯ বছরে শেষ হওয়ায় সরকারি চাকরির যোগ্যতা হারাচ্ছে অনেকেই। কোনোভাবেই সেশনজট কাটিয়ে উঠতে না পেরে আজ সোমবার সকাল ১১টা থেকে এই আন্দোলন শুরু করেন তারা।

জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়। পরের বছর ২০০৯ সালে চালু হওয়া ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ৯ জন শিক্ষক ও পর্যাপ্ত শ্রেণীকক্ষ থাকলেও চার বছরের অনার্স সম্পন্ন করতেই লেগে যাচ্ছে সাত বছর। যেখানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে ধীরে ধীরে সেশনজট মুক্ত হচ্ছে সেখানে এই বিভাগে দিন দিন লাগামহীনভাবে বাড়ছে সেশনজটের মাত্রা।

২০১৩-১৪ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা এই বিভাগে ভর্তি হয়েছেন তারা তিন ভিসির আমল দেখলেও অনার্স সম্পন্ন করতে পারেনি এখন পর্যন্ত। ৬ বছর পার করে চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন করার দশ মাস পরেও ফলাফল প্রকাশ হয়নি এখনো। একই দশা এই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। আট বছরে এসে অনার্স শেষ হলেও এখনো মাস্টার্স সম্পন্ন হয়নি।

২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ২১টি বিভাগের মধ্যে একমাত্র ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের এই ব্যাচটি সাত বছরে অনার্স সম্পন্ন করতে পারেনি। অন্যান্য বিভাগের সমসাময়িক ব্যাচগুলো অনার্স মাস্টার্স সম্পন্ন করে ক্যাম্পাস ছেড়েছেন বছর দুয়েক আগে। ২০১৭ সালে তৃতীয় ভিসির আমলে এই ব্যাচের অনার্স সম্পন্ন হওয়ার কথা থাকলেও বর্তমান ভিসির আমলে এসেও অনার্সেই আটকে আছেন তারা।

হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ওই বিভাগের ২০১৩-১৪ সেশনের কয়েকজন শিক্ষার্থী জানান, তিন ভিসির আমল দেখলাম তবুও অনার্স শেষ হয়নি। তিন বছর সেশনজটে থাকার পরেও অনার্সের শেষ পর্যায়ে এসে ফলাফল প্রকাশ না হওয়ার ফলে কোনো ধরনের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না তারা।

পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর জানায়, এক বছরে দুটি সেমিস্টার (জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর) মিলিয়ে একটি শিক্ষাবর্ষ শেষ হবে। এক সেমিস্টারের মেয়াদ ছয় মাস হওয়ায় সাড়ে চার মাসের মধ্যেই সমস্ত ক্লাস, অ্যাসাইনমেন্ট, মিডটার্ম এবং প্রেজেন্টেশন শেষ করে পরবর্তী ছয় সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করবেন কিন্তু বেশিরভাগ বিভাগের শিক্ষকেরা এই নিয়মের তোয়াক্কা করেন না।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোরশেদ হোসেন বলেন, বিভাগ থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত ফলাফলের শীট পাঠানো হয়নি। বিভাগ থেকে ফলাফল পেলেই আমরা যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করবো।

ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বিভাগের অধিকাংশ শিক্ষকই ব্যক্তিগত কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। সেমিস্টার পদ্ধতির নিয়মও তারা যথাযথ অনুসরণ করেন না। নিয়মানুযায়ী শিক্ষকদের যে পরিমাণ ক্লাস নেয়ার কথা, তার অর্ধেকেরও কম ক্লাস নেন। অনেক শিক্ষক শুধু পরীক্ষার তারিখ ঘোষণার আগে দু-চারটি ক্লাস নিয়েই ক্লাস শেষ করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, সেশনজটে যাঁতাকলে পিষ্ট হয়েও তারা প্রকাশ্যে মুখ খুলতে পারেন না। সময়মতো ক্লাস-পরীক্ষার কথা বললেই উল্টো হয়রানির হুমকি দেন শিক্ষকরা। করোনাকাল শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিভাগ কর্তৃপক্ষ আমাদের সাথে সে বিষয়ে কথা বলতে পাত্তাই দেননি। তারা আরও জানান, ওই বিভাগের শিক্ষকদের মধ্যে পারস্পারিক দ্বন্দ্ব স্পষ্ট। একজন খাতা জমা দিলে আরেকজন দেন না। একজন ক্লাস শেষ করলেও আরেকজন শুরু করেননা। বিভাগের এক শিক্ষক মাসে ৫ থেকে ৭ দিন বিভাগে আসেন। তার হাতেও অনেক কোর্স থাকে।

সেশনজট এবং আজকের চলমান আন্দোলন নিয়ে জানতে চাইলে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান মো. আতিউর রহমান বলেন, বিভাগে নানান সংকটের কারণে এই সেশনজট এবং ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। বিভাগীয় প্রধান হিসেবে কি আর কই? শিক্ষকদের নানান সংকট সহ আরো অনেক কারণে শুধু দশ মাস নয় এর বেশি সময়ের ব্যাচও এখনও ঝুলে আছে। আমরা বিভাগের শিক্ষকরা আজকে বসতেছি। উপাচার্য স্যার একজন প্রতিনিধি পাঠিয়েছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকেও প্রতিনিধি থাকবে। আমরা চলমান সংকটকে শিক্ষার্থীবান্ধব করে সমাধান করবো।

উল্লেখ্য, ১২ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস। ২০০৮ সালে এটি রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে ২০০৯ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি বাঙালি নারী জাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কারক রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারে এ নাম রাখেন। ৭৫ একর জমির উপর উওরবঙ্গের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবেও এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ট্যাগ: আন্দোলন
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় গুলশান থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬
বয়স সংশোধন ইস্যুতে বড় সুখবর পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী জানালেন সংসদ চাইলে পুরাতন সারের ডিলার বাদ দিয়…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের ‘সেরা উইকেট’ নিয়েও অনিশ্চয়তা, তবু আত্মবিশ্বাসী …
  • ২২ এপ্রিল ২০২৬
আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? হান্নান মাসউদকে স্পিকার
  • ২২ এপ্রিল ২০২৬
চবির শাটলে উঠে ছাত্রদলের নামে স্লোগান বহিরাগত পলিটেকনিক শিক…
  • ২২ এপ্রিল ২০২৬