চীনের ওহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সারাবিশ্ব যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এ মহামারী প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোঃ জায়েদ নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গত ২০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যায়। বর্তমানে তিনি ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবে ক্যাম্পাস বন্ধ ঘোষণার পরপরই জায়েদ তার নানা বাড়ি ঢাকার টিকাটুলিতে যায়। এসময় তিনি বিভিন্ন সংগঠনের সাথে থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেয়। পরে জায়েদের মামার করোনার লক্ষণ দেখা দিলেও তার রিপোর্ট নেগেটিভ আসে।
পরে জায়েদের নানার (৮০) একই লক্ষণ দেখা দিলে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরে ওদের জ্বর, সর্দি, কাশি হলেও তা সেরে যায়। সেরে যাওয়ার পরে ওরা কৌতুহলবশত করোনা টেস্ট করায়। জায়েদ ও তার ছোট ভাইয়ের করোনা পজিটিভ আসে।
বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিঠুন মুস্তাফিজ বলেন, আমি প্রতিনিয়ত খোঁজ রাখছি। কয়েকটি টেস্টে দেখা গেছে অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।