© টিডিসি ফটো
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ফেসবুকে নিজেদের একটি গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে ‘এ টিম অব ট্রু সোউল’ স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। ইতোমধ্যে ঢাকায় মেসে বা বাসায় থাকা শিক্ষার্থীদের বাজার খরচ পৌঁছে দিয়েছেন তারা।
উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে পঞ্চম ব্যাচের উদ্যোক্তারা জানিয়েছেন, সম্পূর্ণ মানবিকতার জায়গা থেকে তারা করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন। মানবিকতার চর্চাই তাদের মূল উদ্দেশ্য।
উদ্যোক্তরা বলেন, আমরা যেহেতু ব্যাচের বন্ধুরা মিলে এই প্ল্যাটফর্মটি দাঁড় করাতে পেরেছি, সেহেতু আমরা শুধু এই করোনা পরিস্থিতি না, ভবিষ্যতে দেশের যেকোন ক্রান্তিলগ্নে এক হয়ে কাজ করবো।
কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের পঞ্চম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম বলেন, আমরা মূলত মানবিক কারনেই বিপদগ্রস্থ অনুজদের পাশে দাঁড়াতে বন্ধুদের সাথে আলোচনা করে এই কার্যক্রম শুরু করেছি এবং সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।
ফান্ড কালেকশনের দায়িত্বে থাকা একই বিভাগের সাবেক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমাদের ব্যাচের যেসকল বন্ধুদের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি, সকল বন্ধুই এই উদ্যোগে বিভিন্নভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন।
সার্বিক পরিস্থিতি নিয়ে নৃবিজ্ঞান বিভাগের পঞ্চম ব্যাচের সাবেক শিক্ষার্থী রিয়াজ আহমেদ সজল বলেন, আমরা এখন পর্যন্ত আমাদের নিজস্ব ফান্ড থেকে দেড়শ জনেরও বেশি মানুষের বাজার নিশ্চিত করতে পেরেছি। এছাড়া আমাদের অন্যান্য উদ্যোক্তাদের সহযোগিতায় জবির ৫০ এরও অধিক বিপদগ্রস্থ শিক্ষার্থীর বাসায় কিংবা মেসে সরকারি ত্রাণ পৌঁছে দেবার ব্যবস্থা করতে পেরেছি।
তিনি জানান, এই বিপদগ্রস্থ শিক্ষার্থীদের প্রত্যেকের পরিচয় গোপন রাখছি যাতে করে তারা কোনরূপ লজ্জাবোধ না করে।
এদিকে এই উদ্যোগ সম্পর্কে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, আমার বিভাগের পঞ্চম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাকে তাদের এই উদ্যোগের ব্যাপারে জানানো হয়। এমন উদ্যোগে অবশ্যই আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। তারা যে মানবিক উদ্যোগ নিয়েছে, এর থেকে বর্তমান সময়ের শিক্ষার্থীরাও অনেক কিছু শিখতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন মাহী বলেন, আমি পঞ্চম ব্যাচের এই উদ্যোগের কথা জেনে তাদের সাথে সরাসরি কথা বলে তাদের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়েছি এবং আমি বিপদগ্রস্থদেরকে পঞ্চম ব্যাচের এসকল উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছি। তারা এই ধরনের মানবিক যে কোন কর্মকান্ডে শিক্ষকদের পাশে পাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, পঞ্চম ব্যাচের এই সাবেক শিক্ষার্থীরা তাদের এই উদ্যোগ সম্পর্কে আমাকে যখন অবহিত করেছে, আমি সাথে সাথেই তাদেরকে এটার জন্যে ধন্যবাদ জানিয়েছি এবং পাশে থাকার আশ্বাস দিয়েছি। এভাবে সবাই চিন্তা করলে অনেক কিছুই সুন্দর হতে পারে।