জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আরেক ছাত্র আশিকুল ইসলাম পাটোয়ারীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র আশিকুল ইসলাম পাটোয়ারী ফেসবুকে যে মন্তব্য করেছে তা বঙ্গবন্ধুর ভাবমূর্তি নষ্ট করেছে। একইসাথে বিশ্ববিদ্যালয়েরও ভাবমূর্তি নষ্ট করেছে। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয় খোলার ৭ কার্যদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।
এদিকে ওই শিক্ষার্থীকে ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ায় এ ঘটনায় দল থেকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্র মৈত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ।
এর আগে মঙ্গলবার বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার নিয়ে কটূক্তি করায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী সানজিদা সুলতানা ছন্দকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।