উইমেন পিস ক্যাফের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে সংগঠনের নিজস্ব অফিসে ‘নারীবাতি’ দেয়ালিকার উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি সাইকেল র্যালি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এরপর প্রশাসনিক ভবনের ভার্চুয়াল সেমিনার রুমে আলোচনা সভা এবং উইমেন পিস ক্যাফের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম এনালিস্ট ফ্যানি আরেন্ট ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফের পরিচালক কারলা ফ্রেসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উইমেন পিস ক্যাফের প্রধান মেন্টর লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন মেন্টর ফোকলোর বিভাগের সভাপতি সাকার মুস্তাফা, মেন্টর স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ, সংগঠনের মেন্টর জান্নাতুল নাঈম। সংগঠনের সভাপতি মাহমুদা স্বর্ণা, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিলুফা সুলতানা শ্বেতা, সিপিজের কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, উইমেন পিস ক্যাফে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারী ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এবং ইউএন উইমেনের এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটিজ প্রকল্পের আওতায় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠিত হয় এই পিস ক্যাফে।