© টিডিসি ফটো
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোষাধ্যক্ষ কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক যথাক্রমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকাকে সালাম প্রদান, শান্তির প্রতীক শ্বেত কবুতর উড়ানোর মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, ‘৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার এবং প্রত্যয় আমরা নিজের কাজ নিজে করবো-বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে সবাই মনোনিবেশ করবো। তিনি আরো বলেন, ‘এই মুজিববর্ষে আমাদের ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় টেকনোলজি প্রতিযোগিতা, খেলা-ধুলা, বিতর্ক প্রতিযোগিতা, দিবস উদযাপনসহ বেশ কয়েকটি মেগা ইভেন্ট রয়েছে। এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ মো. শামীম হোসেন, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সিই, সিএসই ও ইইই ৩টি বিভাগের ২১৭ জন শিক্ষার্থী নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ সেনানিবাসে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম উদ্বোধন করেছিলেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক।