চবিতে কর্মশালা ‘ক্যারিয়ার হ্যাকস’
© টিডিসি ফটো
রোটারি এবং রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়েছে বিভাগভিত্তিক ক্যারিয়ার কর্মশালা ‘ক্যারিয়ার হ্যাকস’। শনিবার (৮ ফেব্রুয়ারি) চবির সমাজবিজ্ঞান অনুষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দ্যা ডেইলি ক্যাম্পাস।
কর্মশালার সেশন স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন বহুজাতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ইউনিলিভার বাংলাদেশ’ এর উদ্ভাবন ও উন্নয়ন বিভাগের প্রাক্তন প্রধান কর্মকর্তা রোটারিয়ান মুসলিম উদ্দিন, পূবালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের আঞ্চলিক তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ইঞ্জিনিয়ার ওমর ফারুক চৌধুরী এবং তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্কিপার’ এর সহ-প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান আসিফ। এছাড়াও কো-স্পিকার হিসেবে ছিলেন মুহাম্মদ নাঈম উদ্দীন এবং রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের যুগ্ম সম্পাদক মুনযির এম সা’দ।
কর্মশালায় রোটারিয়ান মুসলিম উদ্দীন মানুষের ব্যক্তিত্ব ও যোগ্যতাকে সমুদ্রে ভাসমান বরফের সাথে তুলনা করে বলেন, বরফ তার অস্তিত্বের কেবলমাত্র ১০ শতাংশ দেখায়। তেমনি মানুষও তার যোগ্যতার কেবলমাত্র ১০ শতাংশ দেখাতে পারে। বাকি ৯০ শতাংশ তার আচার ব্যবহার ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়।
ইঞ্জিনিয়ার ওমর ফারুক চৌধুরী বলেন, আমাদের নিজেদের গড়তে, আমাদের ক্যারিয়ারকে সুন্দর ভাবে শেইপ দিতে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি প্রয়োজন। চাকুরীতে প্রবেশের আগে লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ পরবর্তী আমাদের দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি হিসেবে কাজ করে ।
ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান আসিফ বলেন, আমরা যেখানে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারি না সেখানে আমাদের মেইলসমূহ প্রতিনিধিত্ব করে। এজন্য প্রফেশনাল মেইলের গুরুত্ব অত্যাধিক। একটি সুন্দরভাবে লিখিত মেইল দেশ-বিদেশে আমাদের ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। শুধুমাত্র মেইলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ প্রায় ২৫টি দেশের ১১৮টটি ক্লাবকে সাথে নিয়ে ‘লিটারেসি ফর চেইঞ্জ (এলএফসি)’ নামক আন্তর্জাতিক প্রজেক্ট সম্পন্ন করেছে ।
এছাড়া কর্মশালায় ‘হাঙ্গার ইন মাইন্ড’ নিয়ে বক্তব্য রাখেন মুনযির এম সা’দ এবং পাবলিক স্পিকিং সেশন পরিচালনা করেন মুহাম্মদ নাঈম উদ্দীন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে প্যানেল ডিসকাশন ও লাইভ পারফর্মেন্স করানো হয়। সেই সাথে সাইকোলজিক্যাল টেস্টসহ বিভিন্ন ধরণের শিক্ষামূলক গেইমের আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয় এবং শিরিন সুলতানা সাথীকে ক্লাবের সদস্যপদ প্রদান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিশকাত। ‘স্কিলস ডেভেলপমেন্ট ইউনিট’ এর উপদেষ্টা, ক্লাবের সচিব মোহাম্মদ ফজলে রাব্বি সিনান ও অন্যান্য সদস্যরা। কর্মশালাটি পরিচালনা করেন ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মাদ শাহাদাত হোসাইন ।