© প্রতীকী ছবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অনাবাসিক শিক্ষার্থীদের দুই গ্রুপের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে হলের ৩০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী হাসিবুর রহমান তুষার ও একই বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আউয়ালের মাঝে দীর্ঘদিন থেকে আর্থিক লেনদেনেকে কেন্দ্র করে মনোমালিন্য তৈরী হয়। এর জের ধরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পার্কের মোড়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এসময় আউয়াল নামের ওই শিক্ষার্থী শুভ নামের তার এক বড় ভাইকে ফোন দিয়ে বঙ্গবন্ধু হলে তার রুমে আসে। খবর পেয়ে তুষার তার আপন দুই ভাইসহ আরো দুজনকে সাথে নিয়ে আউয়ালকে মারধর করার জন্য হলে আসে। এসময় উভয়ের মাঝে ঘন্টাব্যাপী হাতাহাতি চলে। শুভ রুমে না থাকায় আদনান বাঁধা দিতে গেলে তাকেও মারধর করে তুষার ও তার সহযোগীরা। পরে শুভ ফিরে আসলে তুষার এবং তার দুই ভাইকে আটক করে মারধর করে শুভ ও তার সহযোগীরা। পরে হল প্রভোস্ট ও তাদের অভিভাবকদের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, তারা কেউ হলের আবাসিক শিক্ষার্থী না। তাদের মাঝে ভুল বুঝাবুঝির ফলে এ ঘটনা ঘটেছে। পরে তাদের অভিভাবকদের ডেকে মিমাংসা করে দেয়া হয়েছে।