© টিডিসি ফটো
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রতীকী পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয় শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. সুজন আলী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনের সবথেকে ভালো সময়টা আজ থেকে শুরু হল। আজ থেকে তোমরা স্বাধীন। তোমরা নিজদের মতো পড়তে পারবে, এই সুন্দর ক্যাম্পাসে ঘুরতে পারবে, নাটক করতে পারবে।
নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে ড. জাফর ইকবাল বলেন, আমার জীবনের সবথেকে সুন্দর সময়টা ছিল যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতাম। কি চমৎকার একটা বিশ্ববিদ্যালয়। এটা সেই জায়গা যেখান থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হেঁটে গিয়েছেন। আমি মঞ্চ দেখে ভাবছিলাম কাজী নজরুল ইসলাম নিজেই হয়ত এই পথ দিয়ে হেটে গেছেন। আমি এখন সেই পথ দিয়ে হাঁটছি। ভাবতে পারো এটা কত বড় সৌভাগ্য।
এসময় শিক্ষার্থীদের স্মার্টফোনের অতি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান প্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, আমরা প্রযুক্তিকে ব্যবহার করব কিন্তু প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করতে পারে।
নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাস প্রাঙ্গণে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, এটা আমার এই ক্যাম্পাসে তৃতীয় ওরিয়ন্টেশন প্রোগ্রাম। এবারের ওরিয়ন্টেশন সত্যিই অতুলনীয়, অসাধারণ ও ব্যতিক্রমী। কারণ জাফর ইকবাল স্যার আমাদের মাঝে এসেছেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, বিশাল ভর্তি যুদ্ধের মধ্যদিয়ে আপনারা এখানে ভর্তি হতে পেরেছেন। আপনারা মহান প্রতিষ্ঠান জাতীয় কবি নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি আপনাদের অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়ার সৌভাগ্য সবার হয় না, যেমন সকল নদী সাগরে মিশতে পারে না। সাগরে সঙ্গম হয় না যে নদীর ভাগ্যে সে নদীর নদীজীবন ব্যর্থ। আমি মনে করি ছাত্রজীবনের পূর্ণতা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না তার অনেক কষ্ট। এসময় উপাচার্য শিক্ষার্থীদের মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।