ক্যাম্পাসে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © টিডিসি ফটো
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। সোমবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহিদ রফিক ভবনের নিচে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জবি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জহির উদ্দিন বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে আট-দশটা অপরাধের মতো ধর্ষণ আমাদের দেশে নিত্যদিনের একটা রুটিন হয়ে গেছে। ধর্ষণের খবর দেখে সকালে ঘুম ভাঙ্গে, ধর্ষণের খবর শুনে আমরা রাতে ঘুমাতে যাই। আমাদের দেশে অপরাধের পর একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিষয়টিকে ধামাচাপা দেয়া হয়। যার ফলে এরকম ঘটনা বেড়েই চলেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি কে এম মুত্তাকী বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের অভাবে বারবার ধর্ষণসহ নানা অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে। কোনো অন্যায় অপরাধ ঘটলেই আমাদের সামনে তদন্ত কমিটি নামের মূলা ঝুলিয়ে দেয়া হয়। কুর্মিটোলার এই ঘটনায় প্রশাসন যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ৭ দফা আন্দোলনের সংগঠক তাওসিব মাহমুদ সোহান, শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিন, শাখা সাধারণ ছাত্র অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক আবু বকর খান, মাহফুজুর রহমান হীরা, তৌফিক মেসবাহ, তিথি সরকার, মাহমুদুল হাসান মিশু ও সৌরভ আমানসহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।