জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্নীতিবাজ প্রশাসনের অপসারণ দাবিতে মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর ‘সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ’র আহবান জানিয়ে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দুর্নীতিবাজ প্রশাসনের অপসারণ দাবিতে আজ বিকেল ৫ টায় রাজপথ অবরোধ করে বিক্ষোভ করবে রাবি শিক্ষার্থীরা।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ে টানা নবম দিনের মতো আজ মঙ্গলবার সকালে ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলকারীরা। বেলা ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন।