‘আওয়াজ আজকের, নিরাপত্তা আগামীর’ প্রদর্শনী © টিডিসি ফটো
‘‘নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান এক সহিংসতাঃ ধর্ষণ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো ‘‘আওয়াজ আজকের, নিরাপত্তা আগামীর’’ শীর্ষক প্রদর্শনী আয়োজন করেছে চবি ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাব।
মঙ্গলবার (২২ শে অক্টোবর) সকাল ১০ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের সমাপনী হয় বিকেল ৩ টায়। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।
এদিন দুপুর ১২ টায় ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সাহিদুর রহমান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসাইন, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম উদ্দীন খানসহ ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এফ. এম আওরঙ্গজেব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শুধু প্রদর্শনীর মাধ্যমে নয়, এই ধরণের মূল্যবোধ আমাদের রক্তে ধারণ করতে হবে। আমাদের মূল্যবোধ অবক্ষয়ের পথে, আমরা তরুণ সমাজই পারি এই দায়িত্বগুলো হাতে নিতে।’
প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন ‘‘তরুণরাই পারবে এই ধরণের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কারণ তারাই পারে যেকোন ধরণের ঝুঁকি নিতে।’’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক এবং ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের এসিস্ট্যান্ট মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার। ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের সভাপতি প্রসেনজিৎ দাশ গুপ্ত। এছাড়াও মার্কেটিং এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যানগণ। এবং সমাপনী বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাহিদুর রহমান।
ক্লাবের এক্সিউটিভ মেম্বার অর্পিতা ব্যানার্জী এবং সৃজিতা সাহার নির্দেশনায় এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
এতে আরও উপস্থিত ছিলেন, ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের সাধারণ সম্পাদক তাইবা তাজাল্লিল, ক্লাবের এক্সিউটিভ মেম্বার, সিনিয়র এসোসিয়েট মেম্বার এবং এসোসিয়েট মেম্বারগন।