© ফাইল ফটো
গাঁজা সেবনরত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। বুধবার দুপুরে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের স্টোর রুমের দরজা বন্ধ করে ৬ শিক্ষার্থী গাঁজা সেবন করে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি দুই শিক্ষার্থীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে বাকিদের প্রক্টর অফিসে উপস্থিত থাকতে বলা হলে একজন বাদে অন্যরা উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাদের ছেড়ে দেয়া হয়। তবে আগামীকাল তাদের অভিভাবকদের প্রক্টর অফিসে আসতে বলা হয়েছে।
অভিযুক্তরা শিক্ষার্থীরা হলেন, ১২তম ব্যাচ অর্থনীতি বিভাগের মেহেদি, ১২তম ব্যাচ দর্শন বিভাগের সৈকত, ১২তম ব্যাচ ইসলামের ইতিহাসের সাব্বির, ১১তম ব্যাচ অর্থনীতি বিভাগের রাশেদ, ১২তম ব্যাচ প্রাণীবিদ্যা বিভাগের মেহেদি, ১২তম ব্যাচ ইংরেজি বিভাগের রায়হান।
প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ক্যাম্পাসে নিয়মিত টহলের মতই বুধবার দুপুরে দ্বিতীয় গেটের স্টোর রুমে যান তারা। স্টোর রুমের দরজা বন্ধ দেখে রুমে প্রবেশ করলে ৬ শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখেন তারা। এ অবস্থায় ২ শিক্ষার্থীকে আটক করা গেলেও বাকি ৪ শিক্ষার্থী পালিয়ে যায়। আটকদের কাছ থেকে পালানো শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে তাদের দুপুর আড়াইটার ভিতর প্রক্টর অফিসে উপস্থিত থাকতে বলা হয়। কিন্তু ১১তম ব্যাচ অর্থনীতি বিভাগের রাশেদ ছাড়া সবাই উপস্থিত হয়।
এ ব্যাপারে জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, অভিযুক্ত একজন ছাড়া সবাই উপস্থিত ছিলেন। তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে এবং অভিভাবকদের আগামীকাল প্রক্টর অফিসে আসতে বলা হয়েছে।