কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ PM
রেস্তোরাঁয় অভিযান

রেস্তোরাঁয় অভিযান © সংগৃহীত

কক্সবাজার শহরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিচারিক অভিযানে চারটি খাদ্য প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে এসেছে। এসব অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আদালতের রায় অমান্য ও অভিযানে অসহযোগিতার অভিযোগে আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে এ সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। বিশুদ্ধ খাদ্য আদালত, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এম গিয়াসউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ এবং খাদ্যস্থাপনায় কীটপতঙ্গের উপস্থিতি পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ডতফসিল অনুযায়ী ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

একই অভিযানে স্বপ্ন সুপার শপে খাদ্য সংরক্ষণে গুরুতর অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির একই ফ্রিজে কাঁচা মাছ, মাংস ও ফল সংরক্ষণ, মাছ কাটার অপরিষ্কার চপিং বোর্ড ব্যবহার এবং যথাযথ লেবেলিং ছাড়া খাদ্যদ্রব্য রাখার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে চৌরঙ্গী বেকারিতে অভিযানে উঠে আসে আরও উদ্বেগজনক চিত্র। সেখানে খবরের কাগজে খাদ্যদ্রব্য সংরক্ষণ, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি, ভাঙা ও পিচ্ছিল মেঝে এবং লেবেলবিহীনভাবে ভেজাল ঘি উৎপাদনের অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া ময়লা কাপড় দিয়ে ঢেকে দই তৈরি, খোলা ডাস্টবিন রাখা এবং রান্নাঘর ও স্টোররুমের মাঝখানে শৌচাগারের অবস্থানও শনাক্ত করা হয়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনের ২৩ ও ৩৩ ধারায় ৮ লাখ টাকা জরিমানার ঘোষণা দেওয়া হয়। তবে বিশুদ্ধ খাদ্য আদালতের রায় অমান্য এবং সার্বিক অভিযানে অসহযোগিতা করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নিয়মিত মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে কাসুন্দী রেস্তোরাঁ লিমিটেডেও একাধিক অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা ডাস্টবিন, আমদানিকৃত পণ্যে যথাযথ লেবেল না থাকা, লেবেলবিহীন পাউরুটি ও খাবার সংরক্ষণ, পচা-বাসি খাবার এবং মেয়াদোত্তীর্ণ টক দই ফ্রিজে রাখার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অনুমোদনহীন রং ব্যবহার, চেরি ফলের নামে করমচা রাখা এবং পচা মাছ সংরক্ষণের মতো অনিয়মও শনাক্ত করা হয়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ডতফসিল অনুযায়ী ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালতের রায় অমান্য ও অভিযানে অসহযোগিতার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও নিয়মিত মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান পরিচালনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পাশাপাশি কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, এসআরবি-১৫ কক্সবাজার, ব্যাটালিয়ন আনসার ও কক্সবাজার পুলিশের মোট তিনটি চৌকস দল সার্বিক সহযোগিতা ও সমন্বয় করে।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং নিরাপদ খাদ্য আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950