১৮তম শিক্ষক নিবন্ধন

‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’

১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ PM
শাহবাগে অবস্থান কর্মসূচি

শাহবাগে অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি ৯ হাজার ৮৪২ জন প্রার্থী। তাদের দ্রুত নিয়োগের দাবিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে এসব দাবি জানান সুপারিশবঞ্চিত প্রার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক চাকরিপ্রার্থী বলেন, ‘আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপরও দুটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আমাদের নিয়োগের সুপারিশ করা হয়নি। কর্তৃপক্ষ বারবার বলছে, আমাদের জন্য পর্যাপ্ত শূন্যপদ নেই। অথচ তাদের হাতে যথেষ্ট শূন্যপদ রয়েছে। এমনকি তিন বছরের অগ্রিম শূন্যপদের তথ্যও তাদের কাছে আছে। শূন্যপদ না থাকলে তারা কীভাবে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করছে? এতে আমরা ৯ হাজার ৮৪২ জন কার্যত হয়রানির শিকার হচ্ছি।’

নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা পারিবারিকভাবে নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে যারা উত্তীর্ণ হয়ে চাকরির সুপারিশ পেয়েছেন, তাঁরা এক বছরের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন। অথচ আমরা এখনো রাস্তায় পড়ে আছি। আমাদের মা-বাবাকে মানুষের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। অনেকে তাঁদের জিজ্ঞেস করছেন, ছেলে বা মেয়ে চাকরি পেয়েও এখনো যোগদান করছে না কেন? কিন্তু তাঁরা তো জানেন না, আমাদের চাকরির সুপারিশই করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমরা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে জানিয়েছিলাম যে চাকরি পেয়েছি। কিন্তু বাস্তবে আমাদের চাকরি হয়নি। এখন বন্ধু-বান্ধবের সামনেও মুখ দেখাতে পারছি না। অনেকে হয়তো মনে করছেন, আমাদের মেধা কম, নম্বর কম কিংবা আমরা আদৌ পাস করিনি। অথচ আমরা সব ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি।’

আরও পড়ুন: তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে অবস্থান, ব্যাপক সমাগম

নিয়োগ না পাওয়ার কারণে প্রার্থীদের ব্যক্তিগত জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে জানিয়ে ওই চাকরিপ্রার্থী বলেন, ‘আমাদের একজন বোন আত্মহত্যা করে মারা গেছেন। আরেকজনের বিবাহবিচ্ছেদ হয়েছে। অনেক ভাই আছেন, যাঁরা বিয়ে করতে পারছেন না। মেয়েদের ক্ষেত্রেও একই পরিস্থিতি। একজন মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারলে, স্বাবলম্বী হতে পারলে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত হওয়া যায়। কিন্তু আমাদের সেই সুযোগটুকুও তৈরি হচ্ছে না। পরিবার ও সমাজের কাছ থেকে নানা ধরনের কটু কথা শুনতে হচ্ছে।’

আন্দোলনকারী এই প্রার্থী বলেন, ‘আমরা বারবার রোদে-গরমে শাহবাগে এসে অবস্থান কর্মসূচি পালন করছি। এর আগেও আন্দোলন করেছি। অথচ আমাদের মানসিক পরিস্থিতির কথা কেউ বিবেচনা করছে না। এই অনিশ্চয়তার কারণে অন্য চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিতে পারছি না। সব সময় মনে হচ্ছে, নবম গ্রেডের কলেজ পর্যায়ের এই চাকরিটি যদি হয়ে যায়, তাহলে তো অন্য চাকরির প্রয়োজন হবে না। তাহলে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদের এভাবে অনিশ্চয়তার মধ্যে রেখে সামাজিকভাবে ছোট করার কারণ কী? দ্রুত ৯ হাজার ৮৪২ জন সুপারিশবঞ্চিত প্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950