ভিসির নির্বাহী ক্ষমতায় অকার্যকর জাবি সিন্ডিকেট

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩২ AM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ হলো সিন্ডিকেট। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ- ১৯৭৩’ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব বিষয়ের গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এ পর্ষদকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক রাজনীতির মারপ্যাঁচ, প্রশাসনের ক্ষমতা কুক্ষিগতকরণের মনোভাব ও উপাচার্যের সদিচ্ছার অভাবে দিন দিন সংকীর্ণ ও দুর্বল হয়ে পড়ছে সর্বোচ্চ নীতিনির্ধারণী এ পর্ষদটি। অধ্যাদেশ অনুযায়ী সিন্ডিকেটের মোট পদসংখ্যা ১৯টি। এর মধ্যে বর্তমানে ৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া ৪টি পদে রয়েছেন মেয়াদোত্তীর্ণ সদস্য।

অধ্যাদেশের ২২ (১)(ই) ধারা অনুযায়ী- ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নির্বাচিত এক জন করে সিন্ডিকেটের সদস্য হবেন। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় এবং শিক্ষকদের পদোন্নতির কারণে শুধু অধ্যাপক ক্যাটাগরি ছাড়া বাকি সব ক্যাটাগরির সদস্য পদই শূন্য আছে। নির্বাচিতদের মধ্যে একে একে প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যরা পদোন্নতি পেলে তাদের সদস্য পদ শূন্য হয়। এছাড়া প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যের হলে প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হলে তার পদটিও শূন্য হয়ে পড়ে। অন্যদিকে ডিন ক্যাটাগরিতে নির্বাচিত সদস্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে প্রেষণে যাওয়ায় তার পদটিও শূন্য হয়।

সর্বশেষ ২০১৬ সালের ৫ জুন সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়। অধ্যাদেশ অনুযায়ী ২০১৮ সালের জুন মাসে নির্বাচিত সব সিন্ডিকেট সদস্যদের মেয়াদ শেষ হয়েছে। ফলে নির্বাচিতদের মধ্যে শুধু অধ্যাপক ক্যাটাগরি পদটি পূর্ণ থাকলেও তার মেয়াদ শেষ হয়ে যায় ১৪ মাস আগে।

এছাড়া অধ্যাদেশের ২২ (১)(এফ) ধারা অনুযায়ী সিনেট সদস্যদের মধ্য থেকে মনোনীত দুই জন সিন্ডিকেটের সদস্য হবেন। বর্তমানে এ দুটি পদেও রয়েছেন মেয়াদোত্তীর্ণ সদস্য। এ পদে মনোনীত হয়েছিলেন সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি হিসেবে নির্বাচিত সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির ও মো. মোতাহার হোসেন মোল্লা। দীর্ঘ ১৭ বছর পর রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন হয় ২০১৭ সালের ৩০ ডিসেম্বর। ফলে এ পদ দুটি শূন্য হওয়া না হওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে সিন্ডিকেট সদস্য হিসেবে তাদের নাম যাবে কি যাবে না তা নিয়ে সংশয় দেখা দেয়। এতে ২০১৮-১৯ সেশনের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশে প্রায় ৬ মাস বিলম্ব হয়।

এদিকে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে নতুন মেরুকরণ হয়। যেখানে সিন্ডিকেটের অধিকাংশ পদ উপাচার্য বিরোধীদের দখলে চলে যায়। ফলে ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ১৫ মাস বন্ধ ছিল নিয়মিত সিন্ডিকেট। অধ্যাদেশ অনুযায়ী প্রতি মাসে একটি করে নিয়মিত সিন্ডিকেট বসার কথা থাকলেও সেদিকে কর্ণপাত করেনি উপাচার্য। সিন্ডিকেটের কোনো মতামত ছাড়াই উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। এসময় উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে অ্যাডহকভিত্তিক নিয়োগ, বিভিন্ন হল ও অফিসে ভারপ্রাপ্ত পদে আস্থাভাজন শিক্ষক নিয়োগ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এদিকে সিন্ডিকেটে নিজের অনুগত সদস্য রাখতে উপাচার্য ২২(১) ডি ধারা অনুযায়ী অধ্যাপক ড. রাশেদা আখতার ও অধ্যাপক হানিফ আলীকে সিন্ডিকেট সদস্য করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘বর্তমান উপাচার্য নিজেই অনির্বাচিত। তিনি নির্বাচনকে ভয় পান। তাই তিনি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের সংস্কৃতি তুলে ফেলার চেষ্টা করছেন। এটা নাহলে তো নিজের দল এতো ভারী হওয়া সত্ত্বেও নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। এছাড়া শিক্ষক সমিতি উপাচার্যের লেজুড়বৃৃত্তি করছে। তারা নির্বাচনের বিষয়ে কোনো দাবি তুলছেন না।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘সিন্ডিকেটের শূন্য পদ ও মেয়াদোত্তীর্ণদের বিষয়ে আমরা উপাচার্যকে লিখিতভাবে জানিয়েছি। তিনি সিন্ডিকেট পূর্ণাঙ্গ করার আশ্বাস দিয়েছেন।’

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগ: জাবি
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬