অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশের ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ আখ্যা, ফের চার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ AM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় পুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক' উল্লেখ করে ও চার-দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে কুবি শিক্ষার্থীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপারের (এসপি) দেওয়া প্রেস ব্রিফিংকে তারা ‘প্রহসনমূলক’ হিসেবে উল্লেখ করছেন। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পূর্বে ঘোষিত চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

চার দফা দাবির মধ্যে রয়েছে – অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা; প্রশাসনিক ব্যর্থতার দায়ে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন; এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারে একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইউনিট গঠন।

এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়েছে – ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘কিশোর গ্যাংয়ের উৎপাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘কুমিল্লাতে মানুষ মরে, পুলিশ মেডেল ধরে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’।

ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, দুপুর ১২ টায় প্রেস ব্রিফিং করার কথা থাকলেও সেটা ২ টায় করা হয়েছে। এছাড়াও আমাদের চার দফা দাবি প্রেক্ষিতে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যায় আনাস নামের একজনকে আটক করার সংবাদ প্রকাশ হলেও আজকে পুলিশ সুপার সেটা অস্বীকার করেছেন। তাছাড়া, এই ঘটনার অনেকগুলো বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমরা আমাদের চার-দফা দাবি বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি।

একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুল বলেন, “গতকাল তুহিনকে গ্রেপ্তারের পর সে আনাসের নাম বলেছে। পরে আনাসকে বেলতলি থেকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আজকের প্রেস ব্রিফিংয়ে পুলিশ বলেছে, আনাস নামে কাউকে আটক করা হয়নি। তাকে ছেড়ে দেওয়া হয়ে থাকলে কেন ছেড়ে দেওয়া হয়েছে, তারও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, “আইফোন নিয়ে অপ্রতিম বের হয়েছিল এটি সবাই জানে। ১২ ঘণ্টা সময় নেওয়ার পরও পুলিশ দৃশ্যমান কোনো নতুন তথ্য দিতে পারেনি। তুহিনের কাছ থেকে নেওয়া স্বীকারোক্তির বিষয়েও কোনো বক্তব্য বা ভিডিও প্রকাশ করা হয়নি। তারা শুধু বলছে, তদন্তে আরও সময় লাগবে। এর প্রেক্ষিতেই আমরা কর্মসূচি দিয়েছি।”

রেলওয়ে স্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬