নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ

০৯ জুন ২০২৬, ০৩:৫৬ PM
বিক্ষোভ মিছিলে জবি ছাত্রদল

বিক্ষোভ মিছিলে জবি ছাত্রদল © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন কর্মসূচির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।
 
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রকাশ্যে কর্মসূচি পালন আইনশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য উদ্বেগজনক। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানা্ই।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রকাশ্যে কর্মসূচি পালন অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা না নিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ বিষয়ে সর্বোচ্চ ভূমিকা নেবে।’

তিনি আরো বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার সভাপতি ইব্রাহিম ফরাজি বর্তমান সরকারের পতনের লক্ষ্যে রাজনৈতিক প্রস্তুতির কথা বলেছেন। আমরা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি এবং রাজপথের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমরা এ নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেব না।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে সন্ত্রাসী ও ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসনের কোনো চেষ্টা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।’

বক্তব্য ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘কয়েকদিন আগেও ঈদের ছুটিতে ফাঁকা ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণ করতে দেখা গেছে। আজ দিনের বেলায় প্রকাশ্যে মানববন্ধন করেছে। তারা এই সাহস কোথা থেকে পাচ্ছে, কারা তাদের ইন্ধন দিচ্ছে, সবকিছুই নজরদারিতে রাখা হবে। ভবিষ্যতে এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তার পরিণতি ভালো হবে না।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘একবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, দ্বিতীয়বার নয়। প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।’

এর আগে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে ৬ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আজকের ঘটনার বিষয়ে আমি এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নই। তবে এর আগেও নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় এ ধরনের ঘটনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থাকেও অবহিত করেছি, যাতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘প্রকাশিত ভিডিওতে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা দেখা যাচ্ছে। তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা গেলে এবং গ্রেপ্তার করা সম্ভব হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার  ল্যাব স্থাপন কর…
  • ০৯ জুন ২০২৬
নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ম্যাটস কর্মকর্তার বিরুদ্ধে শিক…
  • ০৯ জুন ২০২৬
মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন
  • ০৯ জুন ২০২৬
সহকারী প্রক্টরের ওপর হামলা, বিচার চেয়ে শিক্ষকদের মৌন মিছিল 
  • ০৯ জুন ২০২৬
প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভ…
  • ০৯ জুন ২০২৬
দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
  • ০৯ জুন ২০২৬