অনিশ্চয়তা থাকলেও রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৯টা থেকে থেকে দুই শতাধিক চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে নেওয়া হচ্ছে।
এর আগে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বাইরে আন্দোলনকারীদের বিক্ষোভ করতে দেখা গেছে। নিয়োগ পরীক্ষা বাতিল ও কর্মসূচি চলাকালে তাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগবঞ্চিত চিকিৎসকরা। গতকালও আন্দোলন করেছেন তারা। ফলে মৌখিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে সভাপতি ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নানকে সদস্যসচিব করে গঠিত ১০ সদস্যের নিয়োগ কমিটি মৌখিক পরীক্ষা নিচ্ছে। আগামী ৮ জুলাই পর্যন্ত এ পরীক্ষা চলবে।
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অনুত্তীর্ণদের বিক্ষোভ কর্মসূচির কারণে আজ তাদের বাধাবিপত্তির মুখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কি-না তা নিয়ে শঙ্কা থাকলেও পরীক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সময়মতো পরীক্ষা দিতে উপস্থিত হন। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক দৃষ্টি রাখছে বলে জানান তিনি।
গতকাল বিকেল পর্যন্ত আন্দোলনকারীরা নিয়োগ পরীক্ষার ফলাফলে অনিয়ম ও দুর্নীতির কারণে উপাচার্যের পদত্যাগ ও মৌখিক পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে তার কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেন। তবে সন্ধ্যার আগেই পুলিশ তাদের সরিয়ে দেয়।
জানা গেছে, আজ থেকে শুরু হওয়ায় মৌখিক পরীক্ষা প্রতিদিন সকালে ৩৫ জনের সাক্ষাৎকার নেয়ার কথা থাকলেও আগামী শনিবার (১৫ জুন) থেকে আরও ১৫ জন করে অর্থাৎ প্রায় ৫০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হবে। নির্দিষ্ট সময় ৮ জুলাইয়ের আগেই মৌখিক পরীক্ষা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য।