রাজশাহী বিশ্ববিদ্যালয়। © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের প্রার্থী ও প্যানেলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঐদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শনিবার দুপুরে নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের প্রফেসর এ বি এম হামিদুল হক দুলাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এক বছরের জন্য ১৫ সদস্য কমিটির এ নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছেন। এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী’ প্রগতিশীল শিক্ষক সমাজের সমন্বয়ে ‘হলুদ প্যানেল’ এবং বিএনপি-জামাত সমর্থিত ‘জাতীয়তাবাদী ইসলামে মূল্যবোধে বিশ্বাসী’ শিক্ষক সমাজের সমন্বয়ে ‘সাদা প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনে ভোটার রয়েছেন মোট ১১৩০ জন।
কোন প্যানেলে কারা?
হলুদ প্যানেলের হয়ে সভাপতি পদে নির্বাচন করবেন বাংলা বিভাগের অধ্যাপক ড. খন্দকার ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান। অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেল থেকে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ফারুকী সভাপতি পদে ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ নির্বাচনে জয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে আওয়ামীপন্থী হলুদ প্যানেলের সভাপতি প্রার্থী ড. খন্দকার ফরহাদ হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ আমাদের প্রগতিশীল শিক্ষকদের মধ্যে অনৈক্য ছিল। এটা অত্যন্ত দুঃখজনক। আশাকরি এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সহযোগীতা নিয়ে আমাদের প্যানেল জয়ী হবে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনে গবেষণাকে গুরুত্ব দিয়ে বিএনপিপন্থী সাদা দলের সাধারণ সম্পাদক প্রার্থী ড. আমিনুল ইসলাম জানান, দেশ এগিয়ে চলেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। আমরা সেটিকেই গুরুত্ব দিয়েছি। অন্যদিকে বর্তমান প্রশাসনের পক্ষে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলে অনিয়মের ব্যাপারে সোচ্চার হতে পারবেন না। তাই শিক্ষকরা আমাদের প্যানেলকে নির্বাচিত করবেন বলে মন্তব্য করেন তিনি।