লোগো © ফাইল ফটো
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনগ্রহণের দুই মাসের বেশি হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। ফলে প্রশ্ন উঠেছে আদৌ বদলির ফল প্রকাশ করা হবে কিনা।
বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। তবে কোনো কর্মকর্তাই বিষয়টি নিয়ে ইতিবাচক কোনো তথ্য দিতে পারেনি।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘বদলির ফল প্রকাশের জন্য মাউশি আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না পেলে বদলির ফল প্রকাশ করা সম্ভব হবে না।’
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বদলির ফল প্রকাশের পূর্বে বেশ কিছু জটিলতা রয়েছে। এগুলো সমাধান না করে ফল প্রকাশের অনুমোদন দেওয়া সম্ভব হবে না। ফল প্রকাশ করতে বিলম্ব হবে। বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে।’
এদিকে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শিক্ষকরা। তারা বলছেন, বদলি নীতিমালায় পরিবর্তন করতে চাইলে করা হোক, তবে নীতিমালা পরিবর্তনের নামে কালক্ষেপন করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপন করে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
সাজেদা আক্তার নামে এক শিক্ষক বলেন, ‘অনেক আশা নিয়ে বদলির জন্য আবেদন করেছিলাম, পরিবার নিয়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু বদলি রেজাল্ট না হলে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া ছাড়া কোন উপায় নাই।’
মো. মিনহাজুল নামে আরেক শিক্ষক বলেন, ‘বেসরকারি শিক্ষকদের কোনো কিছুই আন্দেলন ছাড়া দেওয়া হয়নি। বদলির ফলাফলের বিষয়টিও আন্দোলনের মাধ্যমেই আদায় করতে হবে বলে মনে হচ্ছে। আমরা রাজপথে যেতে চাই না, নিজ বাড়ির কাছাকাছি ফিরতে চাই। শিক্ষা মন্ত্রণালয় আমাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে।’