মীর আব্দুল কাইউম আন্তর্জাতিক ডরমিটরির সেমিনার কক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। © মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘হাইয়ার স্টাডি এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মীর আব্দুল কাইউম আন্তর্জাতিক ডরমিটরির সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন ডরমিটরি কর্তৃপক্ষ।
ডরমিটরির পরিচালক ড. মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেডওয়ে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস এন্ড ইংলিশ টিচিংয়ের রাজশাহী ও খুলনা কেন্দ্রের পরিচালক পাল বিশ্বাস, পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক জহিরুল ইসলাম মুন।
সেমিনারে বক্তারা বিদেশী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। উন্নত বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার সুযোগ লাভের জন্য শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নিতে পারে, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন কিভাবে করতে হয়, ভর্তি প্রক্রিয়া এ যাবতীয় বিষয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন।
এসময় রাবিতে পড়তে আসা মালয়েশিয়া, নেপাল, সোমালিয়া, ভুটানসহ বিভিন্ন দেশের অন্তত ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।