কুশপুত্তলিকা দাহ বরিশাল বিশ্ববিদ্যালয়ে। © সোহেল রানা
টানা চতুর্থ দিনে গড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন। আজ শুক্রবার বিকাল ৪টা থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আন্দোলন শুরু হয়। এ সময় তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে উপাচার্য ড. এস এম ইমামুল হকের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সন্ধ্যা সাড়ে ৬টায় মশাল মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু করে মুক্তমঞ্চ ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়।
আন্দোলন নেতৃত্ব দেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুর রহমান বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক ৭১’র মহান মুক্তিযুদ্ধের সময় ঢাবি মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ৭ মার্চের ভাষণ ভাষণ শুনেছেন। তবুও মুক্তিযুদ্ধে অংশ নেননি। যা রাজাকার সমতুল্য। এই ভিসি আমাদের রাজাকার বলতে পারেন না। অনতিবিলম্বে আমরা তাঁর পদত্যাগ চাই।
এদিকে শিক্ষার্থীদের হল ছাড়তে বললেও তারা প্রশাসনের আদেশ অমান্য করে হলে অবস্থান নিয়েছেন। উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ করায় ভিসি ড. এস এম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের সন্তান’ বলে গালি দেন। এর প্রতিবাদে গত ২৬ মার্চ থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।
উপাচার্য বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায়, শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা হল ত্যাগ না করে আন্দোলন করছেন। কোনো একটি বিশেষ মহল এর পেছনে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।