মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা পরিবার এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে রাবি উপাচার্য কোটা নিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন; তা প্রত্যাহারের দাবিতে কোটা আন্দোলনকারীদের বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
বৃহস্পতিবার বিকালে সংগঠনটির রাবি শাখা সভাপতি তারিকুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানান।
এতে উল্লেখ করা হয়, ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মনে করে রাবি উপাচার্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ। তাই তারা উপাচার্যের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরাও মনে করি কোটা সংস্কার আন্দোলনের পেছনে জামায়াত-শিবির ও রাজাকারদের সন্তান উভয়ই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জরিত। যারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এই আন্দোলনের সাথে যুক্ত করেছিল। বাঙালী জাতি বেঈমান না। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে থাকতে পারে না।
এতে বলা হয়, একাত্তরের পরাজিত রাজাকারের সন্তান ও প্রজন্ম জামায়াত-শিবির পূর্বপরিকল্পিতভাবে এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে; যা বিভিন্নভাবে প্রমানিত হয়েছে। এর আগেও কোটা সংস্কার আন্দোলনের নামে তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে কটুক্তি করেছে। যায় জীবিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনাকে মর্মাহত করেছে। আমরা এসব কটুক্তিকারীদের বিচার দাবি করছি। রাজাকারের সন্তানরা যারা ভিসি স্যারের বক্তব্য নিয়ে অপঅপপ্রচার চালাচ্ছে তাদেরকে যেকোনভাবেই মোকাবিলা করবে রাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
এর আগে বুধবার দুপুরে ‘কোটা আন্দোলন রাজাকারের সন্তানরাই করতে পারে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের এমন বক্তব্যের প্রতিবাদ এবং অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মাসুদ মোন্নাফ ও যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রত্যাহারের এ দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ কালরাত স্মরণে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়কালে উপাচার্য কোটা ও কোটা আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘বঙ্গবন্ধু কোটা দিয়েছিলেন দেশের মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত করতে, নারীদের এগিয়ে নিতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উন্নতির জন্য।
বঙ্গবন্ধু কোটা দিয়েছিলেন দেশের মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত করতে, নারীদের এগিয়ে নিতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উন্নতির জন্য। আমার আফসোস, কোটা আন্দোলন রাজাকারদের সন্তানরা করতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানরা কেন কোটার বিরোধিতা করলো। তারাও গিয়ে কোটার সংস্কার চেয়ে আন্দোলনে যোগ দিলো।’