বক্তব্য রাখছেন আইসিটি প্রতিমন্ত্রী © টিডিসি ফটো
চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা সামলাতে না পারলে মারাত্মক ঝুঁকিতে পড়ব আমরা। এজন্য আমাদের ব্যাপক প্রসার ঘটাতে হবে। এখন কর্মসংস্থান ব্যবস্থাপনা কোনো সমস্যা নয়, সমস্যা নিজেকে কর্মসংস্থানের যোগ্য করে তোলা। আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। আগে শিক্ষার ধারনা পাঠ্যপুস্তক ও সিলেবাস নির্ভর ছিল। এখন তা ইন্টারনেট নির্ভর হয়েছে। এছাড়াও গ্রাম ও শহরের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যর বৈষম্য দুর করতে ইন্টারনেট ও প্রযুক্তিতে যুক্ত হওয়ার বিকল্প নেই বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে দিনব্যাপী আইটি-আইটিইএস চাকরি মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশ তরুণ যাদের বয়স ৩৫ এর কম। এমন সুযোগ পৃথিবীর ২০০টি দেশের খুব কম দেশেই আছে। এখন আমাদের জনশক্তির সুযোগ কাজে লাগানোর সময় এসেছে। আজকের পৃথিবীতে জানার শেষ নেই। কৃষি পর্যন্ত এখন প্রযুক্তি নির্ভর। আজকের কৃষি আর সেই লাঙ্গল-জোয়ালের সাধারণ কৃষি নেই। এখন তারাই কৃষিতে নেতৃত্ব দিবে যারা কৃষি এবং প্রযুক্তির জ্ঞান সমন্বয় করতে পারবে।
মন্ত্রী তরুণদের উদ্দেশ্য বলেন, এখন কর্মসংস্থান ব্যবস্থা করায় কোন সমস্যা নেই। সমস্যা হচ্ছে নিজেকে কর্মসংস্থানের যোগ্য করে তোলা। সেটাই বড় চ্যালেঞ্জ। চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা যদি সামলাতে না পারি তাহলে আমরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ব।
এলআইইটির ইন্ডাস্ট্রি প্রমোশন স্পেশালিষ্ট হাসান বেনাউল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু, এলআইসিটি এনডিসি প্রকল্প পরিচালক রেজাউল করিম প্রমুখ।
তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মিলনমেলায় রূপ নেয় মেলা প্রাঙ্গণ। জব ফেয়ারে অংশ নেয়া প্রার্থীদের থেকে প্রায় ৬০০০ জনের সিভি সংগ্রহ করে ৩ শতাধিক প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এর আগে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
এদিকে মেলায় রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম টেসলা, প্রথম রানার্স আপ হয় এক্সপোজার, দ্বিতীয় রানার্স আপ শূন্য ল্যাব। পরে বিজয়ীদের প্রাইজমানি তোলে দেন মন্ত্রী।