দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে প্রতি বছরের ন্যায় এবারও জমকালো আয়োজনে উদযাপন হলো মহান স্বাধীনতা দিবস। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন মোল্লার সভাপতিত্বে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল ১০টা থেকে কলেজের শহীদ খুররম অডিটরিয়ামে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা বিভিন্ন গান পরিবেশন করেন। এরপর বাউল শিল্পীরা মঞ্চে উঠে দেশাত্ববোধক গান ও বাউল সংগীতের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাতিয়ে তোলে।
অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লা বলেন, স্বাধীনতার চেতনা সবাইকে ধারণ করতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদরা যে উদ্দেশ্যে এ দেশকে স্বাধীন করেছিল তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে।
তিনি আরো বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের বুদ্ধিবৃত্তিক চর্চা বৃদ্ধি করে। ঢাকা কলেজে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।