রাজধানী ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস’র (বিইউপি) এক শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আম চত্বর থেকে শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি বিশ্ববিদ্যালয় মেইন গেটে শেষ করে সেখানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় সেখানকার রাস্তা অবরোধ করে রাখেন তারা। কর্মসূচি থেকে নিরাপদ সড়কের দাবিতে আট দফা দাবি এবং তা দ্রুত বাস্তবায়ন করার আহবান জানান তারা।
তাদের দাবির মধ্যে রয়েছে, আবরারের হত্যাকারীকে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে; জাবালে নূরের সকল বাস বন্ধ করতে হবে; রাস্তায় রাস্তায় চেকিং সিস্টেম বন্ধ করতে হবে; প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্টপেজ থাকতে হবে; প্রত্যেক বাস চালকের ছবি এবং লাইসেন্স প্রদর্শন করতে হবে; প্রত্যেক শিক্ষার্থীর জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে; প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ দিতে হবে এবং প্রতিটা জেব্রা ক্রসিংয়ের পাশে সিসি ক্যামেরা ব্যবস্থা করতে হবে।