জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলের কক্ষের তালাবদ্ধ ট্রাংক থেকে নবজাতক উদ্ধারের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হলের সহকারী আবাসিক লাবিবা খাতুন তানিয়াকে তদন্ত কমিটির প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে বলা হয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। তথ্যটি নিশ্চিত করেছেন ওই হলের প্রাধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান।
শনিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী সন্তান জন্ম দেন। ওই ছাত্রী তার পেটের ব্যাথা সইতে না পেরে বান্ধবী ও হল প্রশাসনকে প্রসব বেদনার কথা জানান। পরে তাকে দ্রুততার সঙ্গে এনাম মেডিকেলে নেওয়া হয়। কিন্তু ওই ছাত্রী তার সন্তানকে ট্রাংকে তালাবদ্ধ করার বিষয়টি গোপন রাখে। পরে বাচ্চার কান্নার আওয়াজ পেলে অন্যান্য ছাত্রীরা বিষয়টি হল প্রশাসনকে অবগত করেন। বিষয়টি হল প্রশাসন জানা মাত্র রুমের একটি ট্রাংকের তালা ভেঙে ওই নবজাতককে উদ্ধার করে মেডিকেল নিলে সেখানে শিশুটি মারা যায়।
হলের প্রাধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান জানান, ঘটনা সম্পর্কে জানা মাত্র হলে যাই। ছাত্রীরা বলছিল, হল থেকে বাচ্চা শিশুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। পরে ট্রাংকের তালা ভেঙে শিশুটিকে মেডিকেলে নিলে সেখানে শিশুটি মারা যায়। এঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার বিষয়টিও উল্লেখ করেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হল প্রাধ্যক্ষ।