বক্তব্য রাখছেন উপাচার্য ড. ফারজানা ইসলাম © টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা থেমে থেমে বিভিন্ন সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবি করেছেন। তবে তারা এ ব্যাপারে প্রশাসনকে সব সময় দাবির মুখে রাখতে পারেনি। তাই প্রশাসন রিলাক্সে রয়েছে। এখন যেহেতু ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচনের হাওয়া বইছে, সেহেতু শিক্ষার্থীরা চাপ দাও জাকসু নির্বাচন হবে।
তিনি আরও বলেন, সকল ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একমত হয়ে যে তারিখে নির্বাচনের পরামর্শ দেবে–সে অনুযায়ী জাকসু নির্বাচন দেওয়া হবে।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘সম্পূরক আলাপ :সিজন-১ এবং বিষয় জাকসু কী, কেন চাই, কেমন চাই’-শীর্ষক এক বিতর্ক সভায় এ কথা বলেন তিনি।
বিতর্ক সভায় সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও বিবিসি মিডিয়া এ্যাকশন এর গবেষক জুনানজিনা আহমেদ তৃনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক স্বাগতম সাহ নীল এবং সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটির সভাপতি পাভেল রহমান।
আলোচনা অংশগ্রহণ করেন ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক আহমেদ রেজা, উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ উল হাসান এবং উপদেষ্টা মনোয়ার হোসেন তুহিন, আইন অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ফরিদ আহমেদ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক মহাসচিব মাহফুজ মিশু। এছাড়াও আলোচনায় ছাত্র সংগঠনের হয়ে প্রতিনিধিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভালতি জুয়েল রানা ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান।
আয়োজনে আরও ছিল জাকসুর ভালো মন্দ নিয়ে আলাপ, জাকসু নিয়ে আপনার আমার জিজ্ঞাসা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উত্তর, জাকসু নিয়ে প্রদর্শনী বিতর্ক ও জাকসুর দাবিতে ‘অবান্তর’ ও ‘সঙ্গ-দোষ’ ব্যান্ডদ্বয়ের বিশেষ সংগীতানুষ্ঠান।