© ফাইল ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাঁচটি প্রশাসনিক পদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পদগুলোতে দায়িত্বরত শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার রহিমা কানিজ সাক্ষরিত এক আদেশ এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, অব্যাহতি পাওয়া ওই পাঁচজন শিক্ষক উপাচার্য বিরোধী প্যানেলের ছিল। অন্যদিকে, এ পাচঁটি পদে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকরা সবাই উপাচার্যপন্থী হিসেবে পরিচিত
অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক পদ থেকে অধ্যাপক অজিত কুমার মজুমদারকে অব্যাহতি দিয়ে পদ দুটিতে অধ্যাপক হানিফ আলিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ও অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজকে সাময়িকভাবে আউকিউএসির দায়িত্ব দেওয়া হয়।
এছাড়াও আইকিউএসির অতিরিক্ত পরিচালক পদে অধ্যাপক শাহেদুর রশিদ ও অধ্যাপক তপন কুমার সাহার স্থলে অধ্যাপক মো. মঞ্জুরুল হাসান ও অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েলকে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়।
অন্যদিকে, একই অফিস আদেশে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক খবির উদ্দিনকে পদচ্যুতি করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক এ এ মামুনকে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, অধ্যাপক বশির আহমেদ ও ছাত্র কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক রাশেদা আখতারকে মেয়াদ উত্তীর্ন হওয়া সত্ত্বেও তারা নিজস্ব পদে বহাল রয়েছেন।