জাবিতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
জাবিতে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী © টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির ‘নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা-২০১৯’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও ৪৭ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনার সাথে সাথে আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। রাজনীতি কিন্তু একটি সমাজ, দেশ ও জাতিকে অনেককিছু দিতে পারে।
তিনি বলেন, দেশ হবে গণতান্ত্রিক, আমাদের অর্থনৈতিক অবস্থা হবে সমাজতান্ত্রিক এবং বাঙালি জাতীয়তাবাদকে অবলম্বন করেই আমরা এগিয়ে যাবো। সৃষ্টির যে মূলমন্ত্র বা চেতনা সেটাকে বর্জন করে আমরা কিন্তু কোনভাবেই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই যদি পারতাম তাহলে বঙ্গবন্ধুর হত্যার পরে যারা একুশ বছর শাসন করেছিল তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতো। তারা তো সেটা পারেনি।
অনুষ্ঠানে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক গিলবার্ট নির্মল বিশ্বাস, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সহধর্মিণী তন্দ্রা ভট্টাচার্য্য, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. শরিফ হোসেন, ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে আগত অতিথিদেরকে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।