একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার লক্ষ্যে ইউএফটিবি ও গো-প্লেনের সমঝোতা স্মারক স্বাক্ষর

৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এবং গো-প্লেন লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন: এমওইউ সাইনিং সিরেমনি’ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইউএফটিবি বলছে, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে ইউএফটিবি ও গো-প্লেন লিমিটেডের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমাধান বিকাশে পারস্পরিক সহযোগিতার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হলো। এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পখাত সম্পর্কে বাস্তব ধারণা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গো-প্লেন লিমিটেডের পরিচালক মো. রাইসুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মির্যা আসিফ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আগামী ৫ বছরে জিডিপিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করা এবং জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, রোবোটিকস, অটোমেশন, ডেটা সায়েন্স ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক বিষয়ে বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণদের কর্মসংস্থান ও উদ্যোগের প্রসঙ্গে তিনি আরও জানান, সরকার তরুণদের চাকরিপ্রার্থীর বদলে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায়। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে মোট ৮০০ কোটি টাকার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিবছর তথ্যপ্রযুক্তি খাতে দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জনে পাঠ্যক্রম আধুনিকায়ন, শিল্প খাতের চাহিদানুযায়ী প্রশিক্ষণ এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষাব্যবস্থার ডিজিটাল রূপান্তরে কাজ চলছে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বাস্তবমুখী ও কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশ, গবেষণার বাস্তব প্রয়োগ এবং উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সার্ভিস অফিসের তৈরি ও নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় নির্মিত ‘ইউএফটিবি ডিরেকটরি অ্যাপ্লিকেশন’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ও উপাচার্য যৌথভাবে অ্যাপটি উন্মোচন করেন। আয়োজনের শেষ পর্বে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ওয়ালটন, মোজারু, রোবোটেক ভ্যালি, ব্যাটারিলো ইন্টারেক্টিভ, বিডিরেন, পিপলঅ্যানটেক, ফেলিসিটি আইডিসি, ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, ডেটাসফ্ট, ব্র্যাকনেট ও কেপিজেসহ বিভিন্ন প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

২০ কৃষক পরিবারের দুই-পাঁচ-দশ টাকার সঞ্চয়ে গড়ে উঠছে আলোর পাঠ…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে যা জা…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬
পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন রাব্ব…
  • ৩১ অক্টোবর ২০২৬
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় ১০৭ জনে উত্তীর্ণ ১০৫, জিপিএ-৫ পেল…
  • ৩১ অক্টোবর ২০২৬