‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী

০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ AM
আইইউটিয়ানদের পুনর্মিলনী

আইইউটিয়ানদের পুনর্মিলনী © সৌজন্য প্রাপ্ত

অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে ৩ অক্টোবর সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আইইউটিয়ানদের পুনর্মিলনী। আয়োজকদের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে ৪০০-এর বেশি প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।

আইইউটির পরিচিত ‘গরু পার্টি’ ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজন করা হয় এবারের পুনর্মিলনী। আইইউটির ক্যাম্পাস সংস্কৃতিতে ‘গরু পার্টি’ বলতে সাধারণত স্নাতক হতে যাওয়া ব্যাচের উদ্যোগে শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যদের জন্য ভোজ এবং পরবর্তী সাংস্কৃতিক আয়োজনকে বোঝানো হয়। দীর্ঘদিন ধরে এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের কাছে আইইউটির একটি পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আয়োজকেরা জানান, অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ২০১৯ সালে সিডনিতে ‘গরু পার্টি’ থিমে একটি প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী আয়োজন করা হয়। পরবর্তী সময়ে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নে বসবাসরত প্রাক্তন আইইউটিয়ানরাও একই ধারণায় বিভিন্ন আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় এ বছর ‘বিশাল গরু পার্টি’ শিরোনামে পুনর্মিলনী আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত আইইউটিয়ানদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল পরিচিতি ও মতবিনিময়, ব্যাচভিত্তিক পুনর্মিলন এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন পর্ব। দীর্ঘদিন পর সাবেক সহপাঠী ও পরিচিতজনদের সঙ্গে দেখা করে অংশগ্রহণকারীরা স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন।

অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সম্মান জানানো হয়। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে নাটক, নাচ ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক পর্বটি হয়ে ওঠে প্রাণবন্ত।

আয়োজকদের মতে, প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যদের জন্য একটি আনন্দঘন, অংশগ্রহণমূলক ও পারিবারিক পরিবেশ তৈরি করা এবং পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের শেষ দিকে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্ন থেকে আগত প্রাক্তন আইইউটিয়ানদের বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

আয়োজকেরা জানান, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত আইইউটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও জোরদার করতেই এ ধরনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও আইইউটিয়ানদের নিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬