কর্মশালায় বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। © মোহাম্মদ জহিরুল হক
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রোবটিক্স এন্ড ইলেকট্রনিক্স ক্লাবের উদ্যোগে রোবটিক্স: প্রসপেক্টাস এন্ড চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ.এম. আখতারুজ্জামান কায়সার। এছাড়া, কর্মশালার কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. এম শামীম কায়সার।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবীর মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ে ডেপুটি কন্ট্রোলার মাকছুদুর রহমান চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, রোবটিক্স ক্লাবের সভাপতি ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অভিজিৎ পাঠক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এডভান্স কম্পিউটিং সায়েন্স ল্যাব আইটির গবেষণা সহযোগী জনাব তাজিম মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
কর্মশালায় বক্তারা বলেন, প্রযুক্তির উৎকর্ষতার কারণে আজ পৃথিবী এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে মানুষের তৈরি রোবটও আজ প্রয়োজনীয় সব কাজ করতে পারছে। সীমাবদ্ধতার মাঝেও আমাদেরকে অদম্য মেধা, সৃজনশীলতা, ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যয়ন ও এই বিষয়ে প্রচুর গবেষণার মাধ্যমে এই চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যেতে হবে। তাহলে অচিরেই আমরা রোবটিক্স প্রযুক্তিতে পৃথিবীর উন্নত রাষ্ট্রের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারবো।
বক্তারা আরো বলেন, আমরা দেখছি প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশের নাম করা প্রতিষ্ঠানে আমাদের ছাত্ররা মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। বিশ্বব্যাপী রোবটের প্রচুর চাহিদা রয়েছে কিন্তু রোবট তৈরির ক্ষেত্রে আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতা দূর করতে পারলে অবশ্যই আমরা রোবট তৈরির ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে পারবো। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী-ছাত্রীরাও এই কর্মশালার অর্জিত জ্ঞানের মাধ্যমে এই ক্ষেত্রে এগিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের এ কর্মশালায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।