ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিজিসিটিইউবি উপাচার্য
© টিডিসি ফটো
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (বিজিসিটিইউবি) উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেছেন, ‘ছাত্রত্ব কখনও শেষ হয় না, আমাদেরকে প্রতিনিয়তই শিখতে হবে’।
সোমবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ারে আয়োজিত জানুয়ারি-জুন ২০১৯ সেশনের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, ‘শুধুমাত্র ডিগ্রি অর্জনের লক্ষ্যে লেখাপড়া করলে বেশিদুর এগিয়ে যেতে পারবেন না। তাই শুধু ডিগ্রি অর্জন নয়, নিজেকে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সঙ্গে উপযুক্ত করে গড়ে তুলতে হবে’।
উপাচার্য বলেন, ‘তোমরা সৌভাগ্যবান শিক্ষার্থী কারণ পড়াশোনার সুযোগ পাচ্ছ। অনেকেই উচ্চশিক্ষার সুযোগ পায় না। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মানুষের দুয়ারে শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে কাজ করছে আপনাদের সহযোগিতায় নিশ্চয়ই তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে’।
তিনি বলেন, ‘পৃথিবীতে বাংলাদেশ এখন আর দরিদ্র রাষ্ট্র নয়। বিশ্ব সূচকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়েছে। আর এই সূচককে আরও সমৃদ্ধশালী করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সকলের আগে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে’।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর ড. মো. সরোয়ার উদ্দিন।আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর রনজিত কুমার দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ. এন. এম ইউছুফ চৌধুরী, ফার্মেসি বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার।
ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দীন শাহরিয়ার এবং ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক নওরীন আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আইন বিভাগের ছাত্রী কানিতা সুলতানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. পারভেজ, ফার্মেসি বিভাগের ছাত্র আশরাফুর রহমান সেতু, ইংরেজি বিভাগের ছাত্রী আফিয়া রহমান এবং নবাগতদের পক্ষে বক্তব্য রাখেন আইন বিভাগের ছাত্র আবদুল্লাহ আল জিওয়ান। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।