প্রধান ফটকে তালা লাগিয়ে শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত
রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ১১ দফা দাবিতে উপাচার্যকে দিনভর অবরুদ্ধ করে রাখেন। রবিবার প্রধান ফটকে তালা দিয়ে বাইরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকালে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে সাতদিনের জন্য আন্দোলন স্থগিত করা হয় বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, স্টেট ইউনিভার্সিটি ডেপুটি রেজিস্ট্রার ফারহানার অপসারণ, চাকরিচ্যুত ১০ শিক্ষককে স্বপদে পুনর্বহাল, টিউশন ফি কমানোসহ ১১ দফা দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেন।
এ কারণে রোববারের নির্ধারিত ক্যাম্পাসের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ক্ষুদ্র কারণে গত এক মাসে ১০ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। পরিচালনা পর্ষদের সদস্যদের অযাচিত হস্তক্ষেপের কারণে শিক্ষকের চাকরি চলে গেছে।
তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে উচ্চহারে টিউশন ফি আদায় করছে। প্রতিবাদ করলে পরিচালনা পর্ষদের সদস্যরা খারাপ ব্যবহার করছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ারও হুমকি দেয়া হয় বলে দাবি করেন শিক্ষার্থীরা। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।
দিনভর আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের সব দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। ডেপুটি রেজিস্ট্রার ফারহানার দুর্ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে।
আন্দোলনে অংশগ্রহণকারী সাংবাদিকতা বিভাগের অনির্বাণ বিশ্বাস বলেন, ‘আগেও আমরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছি, তখনও কর্তৃপক্ষের শুধু আশ্বাসই পেয়েছি। কিন্তু এবার আর কোনো আশ্বাস নয়, সরাসরি আমাদের দাবিগুলো বাস্তবায়নে আন্দোলন শুরু করি। আগামী সাতদিনের মধ্যে সব দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। তদন্ত করে ডেপুটি রেজিস্ট্রার ফারহানার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও আমাদের আশ্বস্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার মো. খোরশেদ আলম বলেন, ‘বিভিন্ন দাবিতে দিনভর শিক্ষার্থীরা আন্দোলন করে। পরে উপ-উপাচার্য স্যারের নেতৃত্বে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়া হয়েছে।’
এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।