দেশে সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ

০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৫ PM
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান © ফাইল ফটো

দেশে এখন সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাক্ষরতা নিয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, “নব্বইয়ের দশকে ‘সবার জন্য শিক্ষা’ অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশেও সাক্ষরতা বিস্তারে বিভিন্ন উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হয়। দেশে সার্বিক সাক্ষরতা আন্দোলন কর্মসূচির মাধ্যমে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রায় এক কোটি ৮০ লাখ নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান দেওয়া হয়। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ।”

গণশিক্ষামন্ত্রী বলেন, দেশে নিরক্ষরতা দূরীকরণে ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষর নারী-পুরুষকে সাক্ষরতা জ্ঞান দেওয়ার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) বাস্তবায়ন করছে।

মোস্তাফিজুর রহমান বলেন, “দেশের ৫০ লাখ নব্য-সাক্ষরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি, সাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, বিদ্যালয় বহির্ভূত শিশুদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নে এবং কিছু শহর এলাকায় মোট ৫ হাজার ২৫টি আইসিটিভিত্তিক স্থায়ী কমিউনিটি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি জেলায় একটি করে মোট ৬৪টি স্থায়ী ‘জীবিকায়ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।”

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সূত্র উল্লেখ করে প্রাথমিক শিক্ষাসংক্রান্ত নতুন উপাত্ত তুলে ধরেন।

আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। এর মধ্যে আছে শোভাযাত্রা, আলোচনাসভা, সেমিনার।

এতে অন্যদের মধ্যে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ জামান, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ।

 

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬