বাংলাদেশ সচিবালয় ও সরকারি লোগো © টিডিসি সম্পাদিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে একটি চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি জারিকরণ করা হয়েছে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ পদ্ধতি আইবাস++ এ যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তবে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারির তারিখের পূর্বের কোনো আর্থিক বকেয়া তারা প্রাপ্য হবেন না।
এর আগে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।
এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ (স্কেল: ১২৫০০-৩০২৩০) থেকে ১০ম গ্রেড (স্কেল: ১৬০০০-৩৮৬৪০) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হল।
তথ্যমতে, সর্বোচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার কথা, কিন্তু বিষয়টি আটকে ছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ২৮ অক্টোবর রিট আবেদনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। পাশাপাশি সব প্রধান শিক্ষক অর্থাৎ ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়।