প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে জারি করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ এক সূত্রে গাঁথা। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকদের একটি বিষয় নিয়ে মামলা ছিল। সেই মামলার জটিলতা এখন নিষ্পত্তি হয়েছে। প্রশাসনিক ব্যবস্থাপনার উন্নয়নে ‘শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রণয়নসহ আইনি জটিলতার অবসান ঘটিয়ে ৩৬ হাজার ৯৬০টি প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে। ফলে প্রধান শিক্ষক পদে পদোন্নতির পর সহকারী শিক্ষকদের কিছু পদ শূন্য হয়ে যাবে। এদিকে নতুন সহকারী শিক্ষক নিয়োগের মাধ্যমে কিছু পদ পূরণ হয়ে যাবে।
তিনি আরও বলেন, পদোন্নতি শেষ হলে আমরা সহকারী শিক্ষকের শূন্য পদের প্রকৃত চিত্র পাব। এরপর ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আশা করা যাচ্ছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) আওতায় শিক্ষক প্রশিক্ষণ মডিউলের খসড়া ও ১০০টি আইপিইএমআইএস ডিজিটাল মডেল কনটেন্ট প্রস্তুত করা হয়েছে। এছাড়া ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার বাজেট প্রস্তুতের কাজ চলমান।