© টিডিসি ফটো
সকলের জন্য রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত, বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধ, স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দসহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আজ বুধবার (২৪ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে যেতে চাইলে পুলিশ সচিবালয়ের মোড়ে বাঁধা দেয়। পরবর্তীতে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈ এর সঞ্চালনায় সভাপতি আল কাদেরী জয় বলেন, “জনগণের স্বাস্থ্য সেবা ও জীবনের নিরাপত্তা যে উন্নয়ন দিতে পারে না, আমরা সেই উন্নয়নকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে রাষ্ট্রীয় ব্যবস্থায় শুধু করোনা নয়, করোনার বাইরে অন্যান্য যে সকল রোগী বিনা চিকিৎসায় দূর্ভোগ পোহাচ্ছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। করোনা মোকাবেলায় রাষ্ট্রীয় পূর্ণাঙ্গ পরিকল্পনা জনসম্মুখে হাজির করতে হবে। স্বাস্থ্য খাতে মোট বাজেটের শতকরা ২০ ভাগ বরাদ্দ করতে হবে। আমরা জনগণকে আহবান জানাই, আওয়াজ তুলুন, হয় স্বাস্থ্য সেবা ও জীবনের নিরাপত্তা দাও, না হয় সরে যাও”।
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, “আমরা এই সময়ে এসে দেখতে পাচ্ছি, শাসকরা যখন বলছেন তাদের সমস্ত প্রস্তুতি আছে, যখন বাংলাদেশ সংক্রমণের দিক দিয়ে ওপরের দিকে উঠছে, তখন বিভিন্ন যায়গা থেকে নমুনা পরিক্ষা বন্ধ হয়ে যাবার খবর আসছে। টেস্টিং কিট নিয়েও শুরু হয়েছে বাণিজ্য ও সিন্ডিকেটের দৌড়াত্ম। এগুলো নিয়ন্ত্রণ করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই মানষের বিনা চিকিৎসায় মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে”।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক অনিক কুমার দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিম সাকিব প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে গেলে পুলিশ সচিবালয়ের মোড়ে গিয়ে বাধা দেয়। পরবর্তীতে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচী শেষ করেন তারা।