বেরোবির তিন শিক্ষক ও এক শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত
বিশ্বসেরা গবেষণার স্বীকৃতি পেলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষক ও এক শিক্ষার্থী। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় তাদের নাম উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ জরিপে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় স্থান পেয়েছেন বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান ও সহযোগী অধ্যাপক মো. হাসান আলী, এবং বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। ড. ফেরদৌস রহমান গবেষণার পাশাপাশি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন।
২%গবেষকের তালিকায় থাকা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন,বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী (Top 2% Scientists) তালিকা ২০২৬-এ অন্তর্ভুক্ত হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই মর্যাদাপূর্ণ তালিকায় ধারাবাহিকভাবে পঞ্চমবার (২০২২–২৬) স্থান পাওয়া আমার গবেষণা জীবনের এক অনন্য স্বীকৃতি।
এ অর্জন উৎসর্গ করছি আমার পরিবার, সহ-গবেষক, শিক্ষার্থী, সহকর্মী ও সকল সহযোগীদের প্রতি, যাদের অবদান, সহযোগিতা ও অনুপ্রেরণা আমার গবেষণা যাত্রার শক্তি। গবেষণা, জ্ঞান সৃষ্টি ও সমাজের কল্যাণে অবদানের এই পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
অর্জন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ২ শতাংশ গবেষকের তালিকায় থাকা ড. ফেরদৌস রহমান বলেন, আমরা তিনজন শিক্ষক ও একজন ছাত্র এ তালিকায় স্থান পেয়েছি। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে। গবেষণায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। এ ধরনের অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের।