বামপন্থী ছাত্র রাজনীতিতে হাতেখড়ি রাষ্ট্রবিজ্ঞান গ্র্যাজুয়েট নাসিমের

১৩ জুন ২০২০, ০১:০২ PM
মোহাম্মদ নাসিম

মোহাম্মদ নাসিম © ফাইল ফটো

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ৭৫ এ জেলখানায় হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার মধ্যে অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে। মনসুর আলী মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশের প্রথম সরকারের অর্থমন্ত্রী এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে মোহাম্মদ নাসিম ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্যের দায়িত্বে ছিলেন।

টানা দুই সপ্তাহ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ে আজ শনিবার চলে গেলেন মোহাম্মদ নাসিম। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, বেলা ১১টা ১০ মিনিটে নাসিমের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

মোহাম্মদ নাসিমের জন্ম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায়। তার বাবা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মাতা আমেনা মনসুর। শিক্ষাজীবনে মোহাম্মদ নাসিম জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ছাত্র জীবনে বামপন্থী ছাত্র ইউনিয়নে শুরু হয় রাজনৈতিক হাতেখড়ি। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আকৃষ্ট হয়ে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগে প্রবেশ। সেই থেকে আওয়ামী লীগের যোদ্ধা। ১৯৮১ সালে আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন মোহাম্মদ নাসিম।

ওই সম্মেলনে প্রথমবারের মতো আওয়ামী লীগের যুব সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৮৭ সালের সম্মেলনে তিনি দলের প্রচার সম্পাদক মনোনীত হন। ১৯৯২ ও ১৯৯৭ সালের সম্মেলনে মোহাম্মদ নাসিমকে দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পালনে তিনি দক্ষতার পরিচয় দেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ ছিল একটি।

২০০২ ও ২০০৮ সালে অনুষ্ঠিত দলের সম্মেলনে তাকে কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য পদে রাখা হয়। এরপর ২০১২ সালের সম্মেলনে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য পদে পদোন্নতি দেয়া হয়। এরপর টানা তিন মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির মাঠে তিনি যেমন সুবক্তা তেমনই একজন ঝানু সংসদ সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ নাসিম।

রাজনৈতিক জীবনে মোহাম্মদ নাসিম বিভিন্ন সরকারের সময় জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেছেন। তিনি পাকিস্তানের স্বৈরশাসন. নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনসহ স্বাধীন বাংলাদেশে সামরিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের সক্রিয় ও অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। দেশের সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন অগ্র সৈনিক।

জীবনের শেষ দিন পর্যন্ত মোহাম্মদ নাসিম সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ২০০১ সালের পর বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনে তিনি বারবার রাজপথে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।

১৯৯৬ সালের ১২ জুন নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় তাকে। ২০১৮ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে মোহাম্মদ নাসিম তিন সন্তানের জনক। তার স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ। মোহাম্মদ নাসিমের ছেলে তানবির শাকিল জয় ২০০৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা
  • ০৩ জুলাই ২০২৬
ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
বিমানবন্দরের চেকিংয়ে সতীর্থের লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লে…
  • ০৩ জুলাই ২০২৬
ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
  • ০৩ জুলাই ২০২৬
এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence