© টিডিসি ফটো
বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর প্রায় ৩০০ ছিন্নমূল ও অসহায়দের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সর্দার আমিরুল ইসলাম সাগর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর সংসদ ভবন, ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকার ভাসমান মানুষদের মাঝে তিনি এই খাবার বিতরণ করেন।
গত ২৬ মার্চ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল প্রায় ৩০০ অসহায় মানুষকে প্রতিদিন রান্না করা খাবার খাওয়াচ্ছেন তিনি। ছাত্র জীবন থেকেই সমাজের অসহায়দের সহযোগিতা করছেন সাগর। সেই ধারা বজায় রেখেছেন এখনো। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এই ছাত্র নেতা।
নাগরিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সর্দার আমিরুল ইসলাম সাগর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনার শুরু থেকেই অসহায়দের রান্না করা খাবার খাওয়াচ্ছি। আজকেরটাও তেমনি। তবে আজ বাংলা বছরের প্রথম দিন। করোনাভাইরাসের কারণে চলতি বছর নববর্ষ উদযাপন হচ্ছে না। তাই অসহায়দের একটু উন্নতমানের খাবার দিয়েছি। যেন তারা নববর্ষের খুশি একটু হলেও পায়।

কোন স্বার্থের জন্য সাহায্য করছি না জানিয়ে সাগর বলেন, এসব ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্বটুকু পালনের চেষ্টা করছি। দেশের এই ক্রান্তিকালে সমাজের এই মানুষগুলোর সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই মানুষগুলোর সহযোগিতায় জীবনের শেষ অবধি কাজ করে যেতে চাই।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনায় আক্রান্ত বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৬ জন। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক হাজার ১২ জন।