বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক এভাবে মুক্তি চান।
খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার মন্তব্য করে ভিপি নুর বলেন, বিএনপি না করলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর শ্রদ্ধা রেখে আমিও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। কারণ খালেদা জিয়াকে যে মামলায় আটক রাখা হয়েছে, সেটি একটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডি (জাতীয় সমাজতান্ত্রিক দল) আয়োজিত আলোচনাসভায় তিনি এ দাবি করেন।
জাতীয় পতাকা উত্তোলন দিবসে আ স ম আবদুর রবকে না ডাকার নিন্দা জানিয়ে তিনি বলেন, আজকে জাতীয় পতাকা দিবস পালন করা হয়। অথচ যিনি প্রথম স্বাধীন দেশে পতাকা উত্তোলন করেছিলেন সেই আ স ম আবদুর রবকে ডাকা হয় না। এর চাইতে দুঃখজনক কিছু হতে পারে না।
নুর বলেন, মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামকে যারা বেগবান করেছিলেন, তাদের আজ অবমূল্যায়ন করা হয়। আমার ক্ষোভটা এখানে। তাই একজন বিবেক সম্পন্ন মানুষ এবং ছাত্র প্রতিনিধি হিসেবে আজকে পতাকা উত্তেলন দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকিনি। এখানে তাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এসেছি। আমি কোন লেজুড়বৃত্তি রাজনীতি করতে এখানে আসেনি।
জেএসডির কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সহ-সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিকল্পধারা মহাসচিব শাহ আহম্মেদ বাদল, গণ-সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডি কার্যকরী সভাপতি মোঃ সিরাজ মিয়া, জেএসডি সহ-সভাপতি বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, শ্রমিক জোট এর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুব পরিষদ এর আহবায়ক এস এম সামছুল আলম নিক্সন, বাংলাদেশ ছাত্রলীগ এর আহবায়ক তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।