© সংগৃহীত
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগে আজ সকাল থেকে হরতাল পালন করছে বিএনপি। এর সমর্থনে সকালেই নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কিছু নেতা-কর্মী।
আজ রবিবার সকালে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, ‘অন্যায়, অবিচার, জনগণের সঙ্গে প্রতারণার পরিমাণ বেশি হয়ে গেছে। এখন আমাদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন কর্মসূচি দিতে হবে। সেই আন্দোলনের একটা ধাপ হরতাল।’
তিনি বলেন, ‘ইভিএমে ভোট ডাকাতির একটা যন্ত্র। ইভিএম, ভোট ডাকাতিসহ সবকিছু মিলিয়ে যেভাবে নির্বাচন ছিনতাই করেছে, তার বিরুদ্ধে এ হরতাল।’ এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষের কাছে হরতাল সম্পর্কে নানাভাবে বিকৃত তথ্য দিয়েছে সরকার। এখন হরতাল দিয়েছি এজন্য, মানুষের কাছে এটাই প্রমাণ করা যে হরতাল কোনো বিধ্বংসী কর্মসূচি নয়।’
রিজভী বলেন, ‘যুগে যুগে গণতান্ত্রিকামী-স্বাধীনতাকামী মানুষই হরতাল দিয়েছে। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা হরতাল দিয়েছেন। অন্যায়, অবিচার, জনগণের সঙ্গে প্রতারণার পরিমাণ এত বেশি হয়েছে যে, আমাদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন কর্মসূচি দিতে হবে। সেই আন্দোলনেরই একটা ধাপ হরতাল।’
হরতাল নিয়ে তিনি বলেন, ‘গাড়িঘোড়া চলছে না, দোকানপাট বন্ধ আছে। জনগণ স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করছে, তারা আমাদের হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে।’
এসময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, নিপুন রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।
এদিকে আজ সকাল থেকেই বিএনপির ডাকে রাজধানী ঢাকায় ঢিলেঢালা হরতাল চলছে। রাজধানীর অধিকাংশ সড়কেই গাড়ি চললেও সংখ্যায় কম। এছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।