বাসের নিচে চাপা পড়েছেন যুবক
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী শাপলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ২৮ যাত্রী আহত হয়েছে। রাখে আল্লাহ মারে কে! উল্টে পড়া গাড়ির নিচে চাপা পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক। ঘন্টাব্যাপী চেষ্টা করে চাপা পড়া রুবেল নামে যুবককে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের পাতবিলা ফিরোজা ব্রিকসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বাসের আহত যাত্রীরা জানান, জীবননগর থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে আসার সময় যাত্রীবাহী সাজিম পরিবহন পাতিবিল ইটভাটা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় রুবেল নামে এক যাত্রী বাসটির নিচে চাপা পড়ে। পরে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন মহেশপুর উপজেলার শাহাবুদ্দিন (৫০), রুহুল আমিন (২৫), চম্পা খাতুন (৩৫), হরিণাকুণ্ডু উপজেলার শারমিন খাতুন (২৫), আতিক হাসান (৩০), সুবোধ (২৮), আতিয়ার (৮০), হাওয়া (১৬), রুবেলসহ (৩০) ২৮ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা থেকে কালীগঞ্জে দিকে শাপলা পরিবহনের একটিবাস আসছিল। দুপুরে বাসটি উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে যায়। এ সময় সকল যাত্রী খাদের মধ্যে বাসের নীচে আটক পড়ে।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুলতান আহমদে জানান, তারা ২৮ জনের মত রোগীদের চিকিৎসা দিয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একের পর এক রোগী আসছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মামুনুর রশীদ জানান, দুর্ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কতজন আহত তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অনেক যাত্রী আহত হয়েছে। নিহতের কোন খবর তাদের কাছে নেই। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।