শাহরুখকে প্রশ্ন— আপনিও তো জামিয়ার ছাত্র, চুপ কেন?

১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:১৩ PM

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিনা অনুমতিতে পুলিশ ক্যাম্পাসে ঢুকে হামলা চালায়। এই হামলার প্রতিবাদে সারাবিশ্ব সোচ্চার হলেও মুখে কুলুপ এঁটেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী বলিউড অভিনেতা শাহরুখ খান।

এ বিষয়ে ক্ষোভ বা নিন্দা জ্ঞাপন তো দূরের কথা নিজের কোনো মতামতই জানাননি কিং খান। কোনো টুইট বা স্ট্যাটাসও দেননি।বিষয়টিতে এমনভাবেই এড়িয়ে যাচ্ছেন শাহরুখ, যেন জামিয়ায় কিছুই ঘটেনি। গত চার দিন ধরে শাহরুখের এই নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন জনপ্রিয় রেডিও জকি রোশন আব্বাস। কেননা শাহরুখ খান জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

কিং খানের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় রোশন প্রশ্ন ছুড়েছেন– আপনিও তো জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিছু তো বলুন– এখন চুপ কেন আপনি?

পুলিশের হামলার প্রতিবাদে সরব হয়েছেন রেডিও জকি রোশন। তিনি ও শাহরুখ খান জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। শুধু রেডিও জকি রোশন আব্বাসই নন, নিশ্চুপ শাহরুখের প্রতি একই প্রশ্নের তীর নিক্ষেপ করেছেন তার অনেক ভক্তও।

কারণ দিল্লির ওই ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় মুখ খুলেছেন শাবানা আজমির ছেলে ফারহান আখতার, স্বরা ভাস্কর, ভিকি কৌশল। এমনটি অভিনেত্রী আলিয়া ভাট, পরিণীতি চোপড়াও এ ঘটনায় দিল্লি পুলিশের নিন্দা জানিয়েছেন। সেখানে জামিয়ার শিক্ষার্থী হয়ে শাহরুখের মুখে কুলুপ এঁটে থাকা মেনে নিতে পারছেন না অনেকে।

এদিকে জামিয়া ছাত্রদের ব্যঙ্গাত্মক একটি পোস্টে লাইক দিয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার। টুইটারজুড়ে ‘বয়কট অক্ষয় কুমার’ ট্রেন্ড ওঠে। তার কানাডিয়ান নাগরিকত্ব নিয়ে খোঁচা দিয়েও লেখা হয় ‘#বয়কট কানাডিয়ান কুমার’।

তবে টুইট করে অক্ষয় জানিয়েছেন, এই পোস্টে ভুল করে লাইক দিয়েছিলেন তিনি। এ জন্য ক্ষমাও চান অক্ষয়।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইন (সংশোধনী) বাতিলের দাবিতে উত্তাল গোটা ভারত। প্রতিবাদে দেশটির বিভিন্ন রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এরই মাঝে রোববার বিকালে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।

জামিয়ার ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। অভিযোগ রয়েছে, শৌচাগারে ঢুকেও শিক্ষার্থীদের ইচ্ছামতো পেটায় পুলিশ। পুলিশ নিজেরই বাসে আগুন দিয়ে শিক্ষার্থীদের নামে তা চালিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে সেসব ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে।

কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬