বিএ পরীক্ষায় জালিয়াতি করায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীকে নরসিংদী জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়েছে। একইসঙ্গে তাকে সংগঠনের সদস্য পদ থেকেও বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ। এর আগে তাকে নরসিংদী সরকারি কলেজ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকেও বহিষ্কার করা হয়েছিল।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলা আওয়ামীলীগের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তামান্না নুসরাত বুবলী সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। তিনি একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের মহিলা সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।