পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেয়ার দাবিতে গত ৩০ অক্টোবর থেকে অনশন করা ছাত্রদলের সাবেক কমিটির বিবাহিত নেতাকর্মীরা তাদের অনশন ভেঙ্গেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে তারা অনশন ভাঙেন।
আজ রবিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পঞ্চম দিনের মতো অনশন কর্মসূচী শুরু করেন বিগত কমিটির নেতাকর্মীরা। দুপুর সাড়ে বারোটার দিকে মির্জা ফখরুল আন্দোলনরত নেতাকর্মীদের পানি খাইয়ে অনশন ভাঙান। এসময় তিনি অনশনরতদের কমিটিতে স্থান দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানান।
অনশন ভাঙার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুর সাড়ে বারোটার দিকে আমাদের অনশনস্থলে আসেন। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তিনি আমাদের বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং আরো বলবেন বলে আমাদেরকে অবহিত করেন।
তিনি আরও বলেন, আমাদের দাবির বিষয়টি ইতিবাচকভাবে আগাচ্ছে এবং সেটি যেন নিশ্চিত হয় এই বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান। যেহেতু দলের সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে তিনি আমাদের বিষয়টি নিয়ে কাজ করছেন সেহেতু তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা অনশন কর্মসূচি স্থগিত করেছি। আমরা প্রত্যাশা করি দাবি মেনে নিয়ে দল আমাদের আগামীর রাজনীতির পথ সুগম করবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে ২৮ বছর পর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন শ্যামল।