রায়হান আহমেদ তামীম © ফাইল ফটো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট রায়হান আহমেদ তামীম। বুধবার (৭ অক্টোবর) রাতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহবায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রায়হান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির একজন সক্রিয় আন্দোলনকারী ছিলেন। আন্দোলনে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। হাসিনা পালিয়ে যাবার পর মুক্তি পান। রায়হান সাবেক মাদ্রাসা ছাত্র। পেশায় পিআর (পাবলিক রিলেশন) অ্যান্ড ব্রান্ডিং-মার্কেটিং এক্সপার্ট, একটি পিআর এজেন্সির প্রতিষ্ঠাতা, সিইও হিসেবে কাজ করছেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার হাঁসাড়া গ্রামে।
পদপ্রাপ্তির পর কমিটিতে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট করেন আহবায়ক অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। এছাড়াও বিভিন্ন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান।
তামীম ইতিপূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেল সদস্য হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম স্তিমিত হলে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেন। দীর্ঘদিন পর আবার কেন রাজনীতে সক্রিয় হলেন জানতে চাইলে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হওয়ার পর রাজনীতিতে কাগজে-কলমে যুক্ত না থাকলেও চিন্তা-চেতনায়, মননে-মগজে রাজনীতির সাথে পরোক্ষভাবে যুক্ত ছিলাম। এই পর্যায়ে এসে জাতীয় যুবশক্তির সাথে ঘটা করে যুক্ত হলাম কারণ হলো, আমার মনে হয়েছে তরুণ-যুবকদের নিয়ে আমার কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে আমি আমার জন্মস্থান মুন্সিগঞ্জের কিশোর-তরুণদের নিয়ে কাজ করতে চাই। রাজনীতির সাথে যুক্ত হওয়ার কাজের বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।
রাজনীতি-এক্টিভিজমের পাশাপাশি প্রায় ৯ বছর যাবত জাতীয় গণমাধ্যমে লেখালেখির সাথে যুক্ত আছেন তিনি। দৈনিক আমার দেশ, সমকাল, জাগো নিউজসহ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত ফিচার লিখছেন তিনি।